মৌলভীবাজার জেলার রাজনগরে উপজেলা নির্বাচনের পর আওয়ামী লীগের বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এসময় দোকানপাটসহ ১৫ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও  লুটপাট করা হয়।
সোমবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে রাজনগরের চৌধুরী বাজার এলাকায় রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত চেয়ারম্যান আছকির খানের (দোয়াত-কলম) সমর্থকরা বিজয় মিছিল বের করে।
এসময় পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাইর (আনারস) সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরাজিত প্রার্থীর সমর্থকরা মাইকে ঘোষণা দিয়ে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ পরচক্র গ্রামে হামলা চালায়। এতে অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়। রাত ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে পুলিশ, বিজিবি ঘটনাস্থলে পৌঁছে এক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে।
[b]মৌলভীবাজার, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]