বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না নেয়ার ভুল শোধরাতে উপজেলা নির্বাচনে জামায়াত, হেফাজত ও জঙ্গিদের সমন্বয় ঘটিয়ে বিজয়ী হয়েছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার উপজেলা নির্বাচন নিয়ে টাইম নিউজ বিডি’র এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে যে ভুল করেছে, সেই  ভুল সংশোধনে জাতীয় নির্বাচনের মত প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে উপজেলা নির্বাচনে। উপজেলা নির্বাচনে বিএনপির বেশি প্রার্থী জয়ী হওয়ার কারণে আরও একবার প্রমাণিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধীনে দেশে যত  নির্বাচন হয়েছে  তা অবাধ, সুষ্ঠু  ও নিরপেক্ষই হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা নির্বাচন কোন দলের জনপ্রিয়তার মাপকাঠি নয়। কারণ এ নির্বাচন দলীয় প্রতীকে হয় না। তারপরও ভোটের ক্ষেত্রে দেখা গেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীরা মিলে যে ভোট পেয়েছে তাতে আমরাই জয়ী হয়েছি।
উল্লেখ্য, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার। দেশের ৫২ জেলার ১১৫ উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনের ১১০টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি সমর্থিত - ৫১, আ’লীগ-৪১, জামায়াত-৮ ও অন্যান্য-৮ প্রার্থী বিজয়ী হয়েছে।
এবারের উপজেলা নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে গত ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে মোট ৯৮ উজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৯৭টি উপজেলার ফলাফল ঘোষণা করা হয়েছে, এতে বিএনপি সমর্থিত - ৪৪, আ’লীগ-৩৪, জামায়াত-১২ ও অন্যান্য-৬ প্রার্থী বিজয়ী হয়েছে।
[b]ঢাকা, এমআর, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]