কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় জাহিদুল হক (৩৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর আরোহী সাদ্দাম হোসেন (৩০)।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জাহিদুল হক ফুলবাড়ী উপজেলার মধ্যকাশিপুর গ্রামের হুজুর আলীর ছেলে এবং আহত সাদ্দাম হোসেন একই গ্রামের আফতাব আলীর ছেলে।
এদিকে,দুর্ঘটনার পরপরই বিক্ষুদ্ধ জনতা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্র জানা যায়,ফুলবাড়ী উপজেলার মধ্যকাশিপুর গ্রামের জাহিদুল হক ও চাচাতো ভাই সাদ্দাম হোসেন বাইসাইকেলযোগে ফুলবাড়ী উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। বেলা ১২ টায় গঙ্গারহাট এলাকায় নাগেশ্বরী থেকে ফুলবাড়ীগামী একটি মালবোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে উভয়েই গুরুতর আহত হয়।
দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে জাহিদুলের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে দুপুর ২টার দিকে মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) বজলুর রশিদ জানান,চালক ও ট্রাকটিকে আটক করা হয়েছে। এখন পুলিশ হেফাজতে রয়েছে।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]