[b]ইসলামাবাদ:[/b] পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ১৯৯০-এর দশকে কোটি কোটি ডলার দুর্নীতির অভিযোগ মোকাবেলা করতে বৃহস্পতিবার একটি দুর্নীতি দমন আদালতে হাজির হয়েছেন।
আসিফ আলীর বিরুদ্ধে তার নিহত স্ত্রী বেনজির ভুট্টো দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালে ঘুষ গ্রহণ,মুদ্রা পাচার এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অবৈধভাবে একটি পোলো গ্রাউন্ড নির্মাণের অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।
প্রেসিডেন্ট থাকাকালে জারদারি আইনি সুরক্ষা ভোগ করেছেন। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে পদত্যাগের পর থেকে এই সুরক্ষার অবসান ঘটে।
সংক্ষিপ্ত অধিবেশনের পর আদালতে শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।
জারদারির আইনজীবি আমজাদ ইকবাল কুরেশি সাংবাদিকদের বলেন,"সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ দুর্বল।"
কুরেশি বলেন,"পোলো গ্রাউন্ড মামলায় তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। কেননা,আমরা বলেছি যে কোনো সাক্ষ্য না থাকায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা যাবে না।"
তিনি বলেন,"আশা করি এই মামলা এবং অন্যগুলোতেও তাকে খালাস দেয়া হবে।"
জারদারির আইনজীবি ফারুক নায়েক বলেন,"জারদারির সঙ্গে আরো যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তাদের সবাই খালাস পাওয়ায় বা মারা যাওয়ায় মামলা শেষ করতে জারদারির আদালতে হাজির হওয়া প্রয়োজন ছিল।" সূত্র: এএফপি