বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মকবুল আলী (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হন ২০ যাত্রী।
শুক্রবার রাত পৌনে ১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক মকবুল আলী পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা গ্রামের ইশা উদ্দিনের ছেলে।
রাতে সৈয়দপুর থেকে ঢাকাগামী হক এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত মুখী একটি ট্রাকের সংঘর্ষ হয় জানিয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন,এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মকবুল আলী মারা যান এবং বাসটি সড়কের পাশে উল্টে গিয়ে ২০ যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]