জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজশাহীতে পুলিশ ভ্যানকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান,হরতাল সমর্থনে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরীর শালবাগান এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তারা রাস্তায় ইট ফেলে পিকেটিং করে।
সকাল ৯টার দিকে নগরীর ডিঙ্গাডোবা দাশপুকুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পেট্রোল জ্বালিয়ে পিকেটিং করে শিবির নেতকর্মীরা। এসময় রাজপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। এসময় পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করলে সেটি ভ্যানের কাছেই বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি বলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম রেজাউল ইসলাম জানান।এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
প্রায় একই সময়ে হরতালের সমর্থনে নগরীর তালাইমারি মোড় থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অল্পসময়ের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া জানান, হরতালকে কেন্দ্র করে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ আটকও হয়নি।
হরতালকে কেন্দ্র করে যে কোনো ধরণের নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র্যা ব ও পুলিশ।
[b]ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]