ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে আর আলোচনা নয়। এ নির্বাচনের পর একাদশ নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুহম্মদ নাসিম।
তিনি বলেন, খালেদা জিয়া এখন আলোচনার কথা বলছেন। আমরা যখন আলোচনার কথা বলেছি তখন তিনি এড়িয়ে গেছেন। তাই এখন আর দশম নির্বাচন নিয়ে তাদের সাথে কোন সমঝোতা নয়। কারণ নির্বাচনী ট্রেন এখন গন্তব্যে পৌঁছে গেছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবাষির্কী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা জানান।
নাসিম বলেন,যারা দেশের পতাকাকে ছিন্নভিন্ন করেছে সেই জামায়াত-শিবিরকে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের পতাকা নিয়ে ঢাকায় আসতে বলেছেন। জাতীয় পতাকার অপমাননা মেনে নেওয়া যাবে না। রাজাকারদের হাতে মুখে এই কথা মানায় না।
একই সভায় আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন,বিরোধী দলীয় নেত্রী সারা দেশে নাশকতা চালানোর পর এবার ঢাকায় নাশকতা চালানোর পরিকল্পনা নিয়েছেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কামরুল বলেন, আপনি যতই পরিকল্পনা করুন, কোনো লাভ নেই। সাধারণ মানুষ আপনার আহ্বানে সাড়া দেবে না। আপনার সব পরিকল্পনাই ভেস্তে যাবে।
সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবি আমির-উল-ইসলাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক,আবদুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক,আবদুল মান্নান প্রমুখ।





