পঞ্চম দফায় এসে ক্ষমতাসীনদের দাপটে টিকতে না পেরে বিরোধী এবং বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন বর্জনের হিড়িক দেখা গেছে। ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায়, মুন্সীগঞ্জ লৌহজং দিয়ে শুরু। শেষ পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২৩টি উপজেলায়।
সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও বিরোধী পক্ষের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে ২৩টি উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হয়েছে।[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1396268174.jpg[/img]
উপজেলাগুলো হলো- টাঙ্গাইলের ঘাটাইল, মুন্সীগঞ্জের লৌহজং, লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা, জামালপুরের মাদারগঞ্জ, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া, বরগুনার বামনা ও আমতলী, সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও দেবহাটা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ময়মনসিংহের গফরগাঁও, ফেনীর ছাগলনাইয়া, পাবনার তারাবুনিয়া, বরগুনার পাথরঘাটা, কিশোরগ্রামের অষ্টগ্রাম এবং কুমিল্লার চান্দিনা।
এসব উপজেলায় ভোট বর্জনকারী প্রার্থীরা পুনঃভোটের দাবি জানিয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গায় আগামীকাল মঙ্গলবার হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।
বেলা সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে লৌহজং উপজেলায় বিএনপি সমর্থিত- প্রার্থী আলহাজ্ব শাজাহান খান নির্বাচন বর্জনের ঘোষণা দেন।[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1396268212.jpg[/img]
টাঙ্গাইল প্রতিনিধি জানান, কেন্দ্র দখলের অভিযোগ ও অনিয়মের প্রতিবাদে টাঙ্গাইল ঘাটাইল উপজেলায় বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীসহ সাত প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, ভোট শুরুর পরপরই ভোট জালিয়াতি, আগে থেকেই ব্যালট বাক্স ভর্তি ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ এনে তালা উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান মোড়ল ভোট বর্জনের ঘোষণা দেন।
একই অভিযোগে সদর ও দেবহাটা উপজেলার বিএনপি- সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন সিদ্দিকীও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
লক্ষ্মীপুর জেলা সদরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহীউদ্দিন বকুল সকাল ১০টার দিকে শহরের বাগবাড়ি এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ সমর্থিত সালাউদ্দীন টিপুর লোকজন প্রতিটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে সিল মারছেন।’
একই অভিযোগে রামগঞ্জ উপজেলার বিএনপি- সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুল হক মানিক সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, ‘৮৫টি ভোটকেন্দ্র দখল করে আওয়ামী লীগ- সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকরা সিল মারছে। সকাল সাড়ে ৯টার মধ্যে সব কেন্দ্র বিরোধী দলের এজেন্ট শূন্য হয়ে যায়।’
প্রায় একই সময় আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে বিএনপি- সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহিদুল কাউনাইন টিলু তার বাড়িতে এক সংবাদ সম্মেলনে কেন্দ্র দখলের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আলমডাঙ্গার ১০৩টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্র আওয়ামী লীগের ক্যাডাররা দখল করে নিয়েছে।’
জামালপুর জেলার মাদারগঞ্জের বিএনপি- সমর্থিত প্রার্থী ফায়জুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলার কলাপাড়া উপজেলায় বিএনপি- সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এছাড়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় অধিকাংশ কেন্দ্রে আওয়ামী লীগ- সমর্থিত প্রার্থীর লোকজন প্রভাব খাটিয়ে কেন্দ্র দখল করে নেয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গাজী মাসুদ।
একই অভিযোগে জেলার রূপগঞ্জের বিএনপি প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বরগুনার বামনায় বিএনপি সমর্থিত প্রার্থী এবং আমতলীতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ৫৩টি ভোটকেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির তিন প্রার্থী।
তারা হলেন- বিএনপি- সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইকলিল আজম, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলাম ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফুন নাহার।
দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিযেছেন ১৯ দল সমর্থিত প্রার্থী মুশফিকুর রহমান।
সোমবার দুপুর ১টার দিকে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি পুনরায় নির্বাচনেরও দাবি জানান।
মুশফিক বলেন, সরকার দলীয়রা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় জাল ভোটের মহোৎসব চালাচ্ছে। তাই আমি প্রহসনের এ নির্বাচন বর্জন করছি।
পঞ্চম দফায় মোট ৭৩টি উপজেলায় ভোট হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে ভোট শুরুর আগে লক্ষ্মীপুরে প্রার্থীর পোস্টার সাটানোর সময় দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন এক যুবলীগ নেতা।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
২৩ উপজেলায় নির্বাচন বর্জন
পঞ্চম দফায় এসে ক্ষমতাসীনদের দাপটে টিকতে না পেরে বিরোধী এবং বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন বর্জনের হিড়িক দেখা গেছে। ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায়, মুন্সীগঞ্জ লৌহজং দিয়ে শুরু। শেষ পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২৩টি উপজেলায়। সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল,





