[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত আসনে নির্বাচিত ৭ সংসদ সদস্যের মধ্যে চারজন শপথ নিয়েছেন।
আজ রোববার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী সংসদের শপথকক্ষে তাঁদের শপথ করান।
এর মধ্যে আওয়ামী লীগের তিনজন এবং তরীকত ফেডারেশনের একজন সংসদ সদস্য রয়েছেন। এই চারজনই নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
শপথ নেয়া চার জন সাংসদ হলেন দিনাজপুর-৪ আসনের আবুল হাসান মাহমুদ আলী, গাইবান্ধা-১ আসনের মঞ্জুরুল ইসলাম লিটন,গাইবান্ধা-৩ আসন থেকে নির্বাচিত ইউনুস আলী সরকার এবং লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচিত তরীকত ফেডারেশনের নেতা এম এ আউয়াল।
দশম জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩টি আসনে প্রার্থীরা জয়ী হয়েছেন। আর বাকি ১৪৭টি আসনে ৫ জানুয়ারি ভোট গ্রহণ করা হয়।
স্থগিত হওয়া আটটি আসনের মধ্যে ১৬ জানুয়ারি সাতটিতে আবার ভোট গ্রহণ করা হয়। হাইকোর্টের নিষেধাজ্ঞায় কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ পুনরায় স্থগিত করা হয়। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের রিটের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নতুন নির্বাচিত সাত সাংসদের নামে গতকাল শনিবার আবার গেজেট প্রকাশিত হয়।
নির্বাচিত সাতজনের মধ্যে গাইবান্ধা-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ আবুল কালাম আজাদ,বগুড়া-৭ থেকে নির্বাচিত জাপার সাংসদ আলতাফ হোসেন,যশোর-৫ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ স্বপন ভট্টাচার্য এখনো শপথ নেননি।
যশোর-১ ও যশোর-২ আসনে ফল প্রকাশ হলেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ওই দুই আসনে গেজেট প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।