গোয়াইঘাটের বিছনাকান্দি সীমান্তে খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। নিহতের নাম দেলোয়ার হোসেন (১৬)।
মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। দেলোয়ারের বাবার নাম ডাক্তার শাহ আলম। তার গ্রামের বাড়ি মুসলিম পাড়ায়।
জানা গেছে, দুপুর ২টার দিকে ভারতীয় সীমান্ত বিছনাকান্দি এলাকার ১২৬২ নম্বর পিলারের উত্তর পাশে পেন্টা নামক স্থানে লাকড়ি কুড়াতে যায় দেলোয়ার। তখন ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  এখনো লাশ ঘটনাস্থলেই পড়ে আছে।
এ বিষয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার সীমান্তবর্তী গৌর নগর এলাকায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। পরে দফায় দফায় স্থান ও সময় পরিবর্তনের নাটকীয়তা শেষে তাদের মরদেহ বিএসএফ  সোমবার রাত পৌনে ৮টায় বিজিবির কাছে হস্তান্তর করে।
[b]সিলেট, ৮  এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]