রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে
বিপুল পরিমাণ অস্ত্র-বোমা ও মাদকদ্রব্যসহ দুই দফায় মোট পাঁচজনকে আটক
করেছে পুলিশ। আটক পাঁচজনের মধ্যে দুই জন নারীও রয়েছেন।
শনিবার দিবাগত গভীর রাতে বনানীর এফ ব্লকে ৭ নং রোডে অভিযান চালিয়ে প্রথমে
তিন জন পরে তাদের দেয়া তথ্যানুযায়ী সকাল ৯ টায় আরও দুই জনকে আটক করে
বনানী থানা পুলিশ। অভিযানকালে বিভিন্ন পশুর চামড়াও উদ্ধার করেছে পুলিশ।
বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক অভিযানের পর পুলিশ নিশ্চিত হয় যে ওই বাসায় বিপুল পরিামণ অস্ত্র রয়েছে। এ খবরে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূইয়া মাহবুব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে দুপুর পর্যন্ত অভিযান চালায়।
প্রথম দফায় আটককৃতদের দেয়া তথ্য মোতাবেক বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার
এফ ব্লকের ১ নং রোড সংলগ্ন ১০৫ নাম্বার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাড়ি থেকে পাঁচটি বিদেশি পিস্তল, দু’টি এয়ারগান, ৪টি শক্তিশালী পেট্রোল বোমা, বিপুল পরিমাণ দেশি ও বিদেশী ছোরা,দেশি-বিদেশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্ধ করা হয়।
এসময় একটি ল্যান্ডক্রুজার গাড়ী (ঢাকা মেট্রো ঘ-১১-১৮৯০) ও একটি এফ প্রিমিও
গাড়ী (ঢাকা মেট্রো গ-১৭-৪৫৫৯) একইসঙ্গে বাঘ,ভাল্লুক,কুমির এবং হরিণের চামড়া উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূইয়া মাহবুব হাসান টাইমনিউজবিডি’কে জানান,
এঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। প্রথম দফায় আটককৃতরা হলেন- মুসাউয়ের
জুনায়েদ আব্দুস সালাম(২৬), আফসারা রশিদ(২৩) ও মাইনুদ্দিন(২৮)। দ্বিতীয়
দফায় আটককৃতরা হলেন- রোকসানা ইয়াসমিন(৫০), দাড়োয়ান তুষার বোরো(২৭)।
ঢাকা, জেইউ, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসআর