ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শপথ নিতে পারেন আজ। জাতীয় পার্টির একাধিক সূত্র জানিয়েছে শপথ নেয়ার বিষয়ে প্রস্তুতি নেয়া হয়েছে। দিনের যে কোন সময় তিনি শপথ নিতে পারেন। গত বৃহস্পতিবার দশম সংসদের বিজয়ী এমপিরা শপথ নেন। এদিন এরশাদসহ পাঁচজন শপথ নিতে পারেননি।
নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ার পর থেকে এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে রাখা হয়। অন্য চারজন বিদেশে অবস্থান করছেন। জাতীয় পার্টির এমপিরা শপথ নেয়ার পর রওশন এরশাদকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করার পর গুঞ্জন ছিল এরশাদ আর শপথ নাও নিতে পারেন। তবে সরকার চেষ্টা করছে তাকে শপথ পড়ানোর।
দলীয় সূত্র জানিয়েছে এরশাদ শপথ নিলে তাকে বাসায় ফিরে যাওয়ার সুযোগ দেয়া হতে পারে। তখন তিনি গণমাধ্যমের সামনে নিজের অবস্থান পরিষ্কার করতে পারেন এরশাদ। যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে কেউই স্পষ্ট কিছু বলছেন না।