সাতক্ষীরার কলারোয়ার ১৮ টি কেন্দ্রে ভোট ডাকাতি, অনিয়ম ও জাল ভোটের প্রতিবাদে এবং  পুনঃভোট গ্রহনের দাবিতে সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল চলছে। কলারোয়া উপজেলা জামায়াত উপজেলা ব্যাপী  এই হরতালের ডাক দেয়।
কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত দলীয় প্রার্থী শহিদুল ইসলাম মুকুল জানান, ২৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সরকার সমর্থক দলের প্রার্থী ও তার কর্মীরা নজীর বিহীন ভোট ডাকাতি করেছে। এর প্রতিবাদে স্থানীয় জামায়াত সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আধা বেলা হরতালের কর্মসূচি দিয়েছে।
কলারোয়া থানার ওসি মুন্সি হোফাজ্জেল হোসেন জানান, সোমবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, রোববার বিকালে নির্বাচন কমিশনে আবেদন করেছেন  জামায়াত দলীয় চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম মুকুল। আবেদনে অভিযোগ করা হয়,  আওয়ামী লীগ দলীয় প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের কর্মী বাহিনী সন্ত্রাস, জখম, অস্ত্রবাজি ও বোমাবাজির মধ্য দিয়ে ভোটদানে বাধা দান ও আতংক সৃষ্টি করে প্রায় শতভাগ ব্যালট কেটে নিয়েছে। এতে হাজার হাজার ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি এসব কেন্দ্রে পুনঃভোট গ্রহনের দাবি জানান।
এসব কেন্দ্রের মধ্যে রয়েছে তুলশিডাঙ্গা, মুরারিকাটি, কয়লা, চন্দনপুর, বুইতা,  রঘুনাথপুর, সলিমপুর, সোনাবাড়িয়া, কেড়াগাছি, সুলতানপুর, বোয়ালিয়া, কেসিজি বিদ্যালয়, কাকডাঙ্গা, ইলিশপুর, কেরালকাতা,  দেয়াড়া, ভাদিয়ালি ও বয়েরডাঙ্গা।
এ বিষয়ে সাতক্ষীরা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহসিন আলি বলেন, এ বিষয়ে তাকে কেউ কিছুই জানায়নি। এই আবেদনের কোনো কপিও তিনি পাননি।
[b]সাতক্ষীরা, এজে, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]