[b]ঢাকা:[/b] বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের রিমান্ড আদেশ ৭ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিমান্ড বিষয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ আলাল।  
পুলিশের কর্তব্যকাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উস্কানি দেয়ার অভিযোগে করা মামলায় গতকাল বুধবার মাহবুব হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে খন্দকার মাহবুবকে আটক করা হয়।