যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশার সাতজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার রাজঘাট এলাকায় যশোর-খুলনা মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।
অভয়নগর থানার ওসি মোল্লা খবির আহমেদ বলেন, ‘ঘটনাস্থল থেকে সাতটি লাশ উদ্ধার করেছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
লাশগুলো অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও দুজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ডিজেলচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে খুলনা জেলার ফুলতলা থেকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া যাচ্ছিল। একই সময় যশোর থেকে পাটবাহী একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল।
সকাল পৌনে আটটার দিকে অটোরিকশাটি যশোর-খুলনা মহাসড়ক দিয়ে রাজঘাট এলাকা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। অটোরিকশাটিকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়। প্রাথমিকভাবে স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ আসে।
অটোরিকশায় কতজন যাত্রী ছিল, তা জানা যায়নি। তবে স্থানীয়ভাবে চলাচলকারী এই অটোরিকশায় অন্তত ১২ জন যাত্রী বসতে পারে। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি) //এনএস[/b]