দেশব্যাপী অভিযানে চালিয়ে ৪১টি চোরাই গাড়ি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় গাড়ি চুরি দলের সদস্য এবং গাড়ি কেনা-বেচার সঙ্গে জড়িত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
চোরাইকৃত গাড়ি উদ্ধার এবং সংঘবদ্ধ গাড়ি চোর দলের সদস্যদের গ্রেফতারের জন্য দেশব্যাপী একাধিক অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র উপ-কমিশনার(মিডিয়া)মাসুদুর রহমান।
তিনি জানান, মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ মহিদুর রহমানের নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও যশোর জেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৪টি প্রাইভেটকার, ৩টি সিএনজি অটোরিকশা, ১টি মাইক্রোবাস উদ্ধার করে।
এসময় আব্বাস আলী নয়ন, মো. ফারুক হোসেন, দিপু, নয়ন, ইউনুছ, মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের দলনেতা সেলিম আকাশ ও ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েনের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ৭টি প্রাইভেটকার, ১৫টি সিএনজি অটোরিকশা, ১টি মোটরসাইকেল উদ্ধার করে।
এসময় তোফাজ্জল হোসেন, আবদুর রহমান, নজরুল ইসলাম মঞ্জু, মো. আমীর, মো. বাবু, মামুন খান, মো. বিল্লাল খান, নয়ন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়,  একেকটি দলে আনুমানিক ১৫-২০ জন সদস্য রয়েছে।
চোরাই চক্রটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ ও যশোর জেলায় গাড়ি বেচে।  
সব চোরাই গাড়ি উদ্ধার এবং চোর দলের সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মহানগর গোয়েন্দা কর্মকর্তা মুহাম্মদ মহিদুর রহমান।
[b]ঢাকা, জেইউ // ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]