রাজবাড়ী থেকে নিখোঁজ হওয়া ৭ দিন পর মাহেন্দ্র (ভারতীয় যাত্রীবাহী থ্রি হুইলার) চালক আবুল কালাম আজাদের মৃতদেহ ফরিদপুরে উদ্ধার হয়েছে।
জানা গেছে, মাহেন্দ্র চালক আবুল কালাম আজাদ (৫০) রাজবাড়ীর নবগঠিত উপজেলা কালুখালীর চন্ডিপুর গাংবথুনদিয়া গ্রামের বাসিন্দা। ২১ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে আবুল কালাম আজাদ তার থ্রি হুইলারে কয়েকজন যাত্রী নিয়ে রাজবাড়ী রেলগেট থেকে ফরিদপুরের কানাইপুরের উদ্দেশে রওনা দেন। এরপর আবুল কালাম আজাদ আর ফিরে আসেননি। তার মাহেন্দ্র গাড়িটিরও সন্ধান পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় আবুল কালাম আজাদের ছোট ভাই সুজন শেখ ২৪ এপ্রিল রাজবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৭ এপ্রিল সন্ধান চেয়ে তার পরিবার ও এলাকাবাসী রাজবাড়ী প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করে।
এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। এরপর ২৮ এপ্রিল তার মৃতদেহ ফরিদপুরে উদ্ধার করা হয়। আঞ্জুমানে মুফিদুল ইসলামের পক্ষ থেকে মৃতদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
আবুল কালাম আজাদের ছেলে মো. আল আমিন শেখ জানান, ২৮ এপ্রিল সন্ধ্যায় ফরিদপুরের আঞ্জুমানে মুফিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে জামা-কাপড় দেখে তিনি তার বাবার মৃতদেহ শনাক্ত করেন। এরআগেই আঞ্জুমানে মুফিদুল ইসলামের পক্ষ থেকে মৃতদেহটি দাফন করা হয়।
পুলিশ জানিয়েছে, ফরিদপুরের কুমার নদের পাড় থেকে কুপিয়ে জখম ও মাথা থেঁতলানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]