[b]সিলেট: [/b]জেলার বানিয়াচং এ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে  নির্বাচনোত্তর সহিংসতায় অর্ধশত আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উভয় পক্ষ টেটা, ফিকল, বল্লমসহ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
রোববার নির্বাচন চলাকালে বানিয়াচং উপজেলার কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী এম এ মজিদ খানের পক্ষে তার ভাগ্নে অলিউর রহমান জাল ভোট প্রদান করেন।
এ সময় ওই কেন্দ্রের জাতীয় পার্টির এজেন্ট লিটন আহমেদ বাধা দেয়। এর জের ধরে রোববার বিকেলে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর হামলা চালায়।
রোববারের ঘটনার প্রতিবাদে জাতীয় পার্টি সোমবার সকালে সমাবেশ আহবান করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
বানিয়াচং থানার একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন জানান, দু’ব্যক্তির বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।
এটি কোনো রাজনৈতিক সহিংসতা নয় বলেও দাবি করেন তিনি।