মুন্সীগঞ্জের তালতলা-গৌরগঞ্জ খাল খননের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে জেলার টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের পাশে খালটির ব্রিজের উপরে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে কৃষক, শ্রমিকসহ এলাকার  সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। বাংলাদেশের সুয়েজ খাল হিসেবে পরিচিত অতি প্রাচীন এ তালতলা-গৌরগঞ্জ খালে পদ্মা নদীর পলি পড়ে নাব্যতা হারিয়ে জৌলসহীন হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান, ১০ বছর আগেও এ খাল দিয়ে যাত্রীবাহী লঞ্চ চলাচল করলেও এখন তা শুধু স্মৃতিতে পরিণত হয়েছে। এর ফলে ঢাকা ও এর আশপাশের জেলার সঙ্গে মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ীসহ বৃহত্তর ফরিদপুর, বরিশাল, কুষ্টিয়া ও মুন্সীগঞ্জ-বিক্রমপুরের মানুষের নৌযোগাযোগ ও কৃষিকাজসহ সকল সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। খালটিকে খননের মাধ্যমে পুনরায় লঞ্চসহ নৌযান চলাচলের উপযোগী করার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, কর্মসূচির আয়োজক কৃষক শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মানববন্ধনে মোবাইল ফোনের মাধ্যমে কর্মসূচির সঙ্গে  একাত্মতা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব ও সাংবাদিক আবুল কালাম আজাদ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) জেআই[/b]