রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চুরি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় তাদের কাছ থেকে দুইটি মাইক্রোবাস, চারটি সিএনজি চালিত অটোরিকশা ও ১১০ পিস চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে থেকে দুটি সিএনজি চালিত অটোরিকশা থেকে সাতজনকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- সুমন (২৮), আমিন (২৪), আব্দুস সালাম (৩০), মিজান (২৫), জসিম (২৪), আমির হোসেন (২৭), শাহদাত হোসেন (২২)।
এ সময় তাদের কাছ থেকে দুটি সিএনজি চালিত অটোরিকশা, ১১০ পিস চেতনানাশক ট্যাবলেট ও একটি টায়ের ফ্লাক্স উদ্ধার করা হয়।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে আরো দুইটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
এর আগে বুধবার একযোগে বরিশাল ও চট্রগ্রাম জেলায় অভিযান চালিয়ে শামীম, মিজান, সাইফুল ইসলাম, খলিল মিয়া, আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্রগ্রাম জেলার পাহাড়তলী থানা এলাকা থেকে একটি এক্স নোহা ও খুলশী থানা এলাকা থেকে একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।
এব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, উদ্ধার গাড়ি ও সিএনজি হারানোর কারণে রাজধানীর পল্টন, রমনা ও ডেমরা থানায় একাধিক মামলা হয়েছে। দায়েরকৃত মামলার ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
[b]ঢাকা,জেইউ,৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]