ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিএনপির ডাকা মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সোমবার ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি, জালভোট প্রদান, কেন্দ্র দখলের প্রতিবাদে ও পুননির্বাচনের দাবিতে উপজেলা বিএনপি এই হরতালের ডাক দেয়।
হরতালে উপজেলার দোকানপাট বন্ধ রয়েছে। কিছু সংখ্যক সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। উপজেলার বিভিন্ন সড়কে পুলিশ টহল দিতে দেখা যায়।
হরতালের কারণে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কের একমাত্র সিএনজি স্টেশনটি বন্ধ রয়েছে। ফলে সিএনজি চালিত অটোরিকশা চালকরা গ্যাস নিতে না পারায় ভোগান্তির শিকার হচ্ছে।
জানা যায়, সোমবার ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুর আহম্মদ মজুমদার (কাপ-পিরিজ) এজেন্টদের অধিকাংশ কেন্দ্র থেকে মারধর করে বের করে দেয়, প্রতিটি কেন্দ্রে জালভোট প্রদান ও কেন্দ্র দখল করে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের (আনারস) সমর্থকরা।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]