জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে এমন গুজব ছড়ানোর দায়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলামসহ ২৬৮ জনের বিরুদ্ধে চার্জশীট দিয়েছে পুলিশ।
আজ সকালে পুলিশ এই চার্জশীট দেয়। এতে অভিযোগ করা হয়, মাওলানা সাঈদীর চেহারা চাঁদে দেখা যাচ্ছে এমন কথা বলে চেয়ারম্যান নুরুল ইসলাম ও তার লোকেরা এলাকার মানুষকে উত্তেজিত করেন।
এমনকী উত্তেজিত জনতাকে নিয়ে এক পর্যায়ে চেয়ারম্যান নুরুল ইসলামের মদদে তার লোকেরা উপজেলা পরিষদ ও তৎকালীন চেয়ারম্যানের বাড়িতে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয় বলেও চার্জশীটে অভিযোগ করা হয়।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহের একদিন মধ্যরাত থেকে মসজিদে-মসজিদে মাইকিং করে, চাঁদের বুকে সাঈদীর মুখ দেখা যাওয়ার গুজব ছড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরদিন সকালে বিভিন্ন স্থান থেকে মিছিল বের ধর্মপ্রাণ মুসল্লি ও সাঈদীর ভক্তরা। এসব মিছিলের সামনের সারিতে বিপুল সংখ্যক নারী ও শিশুদের দেখা যায়।
পুলিশ এসব মিছিলে গুলি চালালে মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে পুলিশ ও সরকারি প্রতিষ্ঠানে হামলা চালান। ওই সহিংতায় পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের চারজন জামায়াত-শিবিরের কর্মী ও অন্যরা মুসল্লি বলে পরে স্থানীয় সূত্রে জানা যায়।
[b]ঢাকা, ০১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]