[b]মুন্সিগঞ্জ:[/b] মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামে মঙ্গলবার সকালে আজিজুল হক নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন।
আজিজুলের ভাই স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সাবেক সভাপতি নুরুজ্জামান ফরাজীর দাবি,আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ভাইয়ের ওপর হামলা চালিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সকাল সাড়ে আটটার দিকে আজিজুল হক বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। ইসমানিরচর সেতুর কাছে কয়েকজন তাকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আজিজুল হককে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে। আজিজুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করেন।
আজিজুল হকের বাবা নুরুল ইসলামের দাবি,আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ছেলের ওপর হামলা চালিয়েছেন। আজিজুলের ভাই বিএনপির নেতা নুরুজ্জামান ফরাজী বলেন,মোস্তফা ডাক্তারের ছেলে নজরুল ইসলামের নেতৃত্বে বাবু,আতাউরসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী তার ওপর হামলা চালান।
এ ব্যাপারে হোসেনজী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন বলেন,হামলার ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে আতাউর আওয়ামী লীগের কর্মী বলে তিনি জানান। বাবু ও নজরুল দলের কর্মী না হলেও সমর্থক বলে জানান তিনি।
এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন হোসেনজী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি আবদুল মতিন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন উর রশিদ জানান,পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ইসমানিরচর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।