ঈশ্বরদীতে বিটি বেগুন বিরোধী গণমোর্চার মানববন্ধন হামলা চালিয়ে পণ্ড করে দেয়া হয়েছে। গণমোর্চার আহবায়ক ফরিদা আখতার, নারী ও কৃষকসহ ১২ জন আহত হয়েছেন।
রোববার ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী আনন্দবাজার মাথালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ- স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে ভাড়ইমারি বড় বটতলা মোড়ে বিটি বেগুন বিরোধী গণমোর্চা ও বেসরকারি সংস্থা উবিনীগের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।
ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড শাখা সভাপতি আবুল হাসেমের নেতৃত্বে একদল ক্যাডার প্রথম দফায় সেখানে হামলা চালিয়ে উবিনীগের কর্মকর্তা আরফান আলীকে মারপিট করে মানববন্ধনে অংশগ্রহণকারীদের তাড়িয়ে দেয়।
কিছুক্ষণ পর তারা অবস্থান পরিবর্তন করে ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের বিটি বেগুন চাষের মাঠে মানববন্ধন করতে গেলে আওয়ামী লীগ নেতা আবুল হাসেম, ওয়াজেদ আলী মেম্বার, আস্তুল আলী ও খোকন সরদারসহ ২০/২৫ জন লাঠিসোটা নিয়ে তাদের ওপর ফের হামলা চালায়। এসময় অন্তত ১২ জন আহত হন। উপস্থিত সাংবাদিকরা হামলার ছবি তুলতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী বলেন, "সরকার বিটি বেগুন নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। সরকারের সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য বিটি বেগুন বিরোধী কর্মসূচির আয়োজন দেখে আমরা বাধা দিয়েছ।"
বিটি বেগুন বিরোধী গণমোর্চার আহবায়ক ফরিদা আখতার বলেন, "বিটি বেগুনের ক্ষতিকর বিষয়গুলো কৃষকদের বোঝাতে মাঠ পর্যায়ে এসেছিলাম। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তা না বুঝে আমাদের ওপর হামলা চালিয়েছে; যা খুবই দুঃখজনক।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]