বাগেরহাটে এক যুবককে তার বন্ধুরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম সোহেল ফকির (২৫) বলে জানা যায়।
শুক্রবার সকালে সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সোহেল উপজেলার দিঘির পাড় এলাকার কাসেম ফকিরের ছেলে।
নিহতের পরিবারে বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আলী আজম খান  জানান, ১৬ মার্চ এক বন্ধুর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সোহেল। এতোদিন অনেক খোঁজখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরে শুক্রবার সকালে সুন্দরঘোনা এলাকার সুপারি বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত যুবকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে বলেও জানান ওসি।
পুলিশের ধারণা, নেশাজাতীয় দ্রব্য কেনার টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহেলের কয়েকজন বন্ধু ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মারা যান। এরপর তার বন্ধুরা লাশ ওই বাগানে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনার পর থেকে সোহেলের তিন বন্ধু পলাতক রয়েছে। তাদের নাম জানা যায়নি। এ ঘটনায় সোহেলের পলাতক তিন বন্ধুর স্ত্রীদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
[b]বাগেরহাট,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]