বরিশালের আঞ্জুমান-ই হেমায়েত উদ্দিন মুসলিম গোরস্তানে মা জয়নব বেগমের কবরের পাশেই শওকত হোসেন হিরনকে দাফন করা হবে। শুক্রবার বিকালে তার দাফন করা হবে।
বৃহস্পতিবার বিকালে হেলিকপ্টারযোগে হিরনকে বরিশালে নেওয়া হবে। শুক্রবার জুমার নামাজের পর বেলা আড়াইটায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হিরনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যায় ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বুধবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বরিশালে।
হিরনের মৃত্যুতে বরিশাল সিটি এলাকায় তিন দিনের শোক ঘোষণা করেছেন বর্তমান মেয়র আহসান হাবিব কামাল। ওই তিন দিন নগর ভবনের সব কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন। এ সময় কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি সব বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং অফিস-আদালতে কালো পতাকা উত্তোলন করার অনুরোধ জানিয়েছেন তিনি।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম জানান, মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের মৃত্যুতে বৃহস্পতিবার সাত দিনের শোক ঘোষণা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]