দশম জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির জন্য সংসদের অধিবেশন কক্ষের প্রথম সারিতে পাঁচটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। জাতীয় পার্টির সংসদ সদস্যদের হার অনুপাতে চারটি আসন পাওয়ার কথা থাকলেও একটি আসন বেশি দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ২৯ জানুয়ারির দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় এ তথ্য জানান,জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
আ স ম ফিরোজ বলেন, বিএনপি নিজেদের ত্রুটিগত কারণে নির্বাচনে আসেনি। এখন তারা ভুল বুঝতে পেরেছে। তাই উপজেলা নির্বাচনে অংশ নেবে।
স্থানীয় সরকার নির্বাচন হলেও উপজেলা নির্বাচনে প্রার্থীরা আওয়ামী লীগ ও বিএনপির সমর্থন নিয়ে অংশ নেবে বলেও জানান তিনি।
বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা কী হবে,সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,জাতীয় পার্টি সরকারে থাকলেও বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা ও সংসদ কার্যকর করতে ভূমিকা রাখবে।
সংসদের মেয়াদ বিষয়ে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দশম জাতীয় সংসদের মেয়াদ হবে পাঁচ বছর। আর দিন হিসেবে বললে সেটা ১৮২৫ দিন।
পরিচিতি সভায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শহিদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, শাহাব উদ্দিন সোলায়মান হক জোবায়ের (ছেলুন) প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি),//এসএইচ[/b]