দুইদিনের সরকারি সফরে সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারের দ্বিতীয় মেয়াদে মন্ত্রী হওয়ার পর সিলেটে এটি অর্থমন্ত্রীর প্রথম সফর।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় তিনি বিমানযোগে সিলেট পৌঁছবেন।
সিলেট জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রীর এ সফরসূচি নিশ্চিত করা হয়।
সফরসূচির মধ্যে রয়েছে,বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান।
বিকেল সোয়া ৩টায় হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন।
সন্ধ্যা ৬টায় সিলেট সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, সন্ধ্যা ৭টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান এবং রাত ৮টায় হাফিজ কমপ্লেক্সে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সেখানেই রাত্রিযাপন করবেন অর্থমন্ত্রী।
পরদিন শুক্রবার সকাল ১০টায় হাফিজ কমপ্লেক্সে সিলেট সিটি করপোরেশনের দলীয় কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়,দুপুর সাড়ে ১২টায় টুকের বাজারস্থ খোররমখোলা সৈয়দ শাহ্ খোররম মাজার জিয়ারত,জুমার নামাজ আদায় ও মধ্যাহ্ন ভোজ করবেন তিনি।
সন্ধ্যা পৌনে ৬টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি সিলেট ত্যাগ করবেন।
[b]সিলেট, ২৩ জানুয়ারি(টাইমনিউজ বিডি)/এফএ[/b]