শ্রীপুর উপজেলার কাজলী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এক আওয়ামী লীগ নেতাকে দাওয়াত না দেয়ায় অনুষ্ঠানস্থলে হামলা ভাঙচুর চালিয়েছে তার সমর্থকরা। শনিবার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরপরই হামলাকারীরা পাশবর্তী আমতৈল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হোসেন মোল্লার অফিসে হামলা ভাঙচুর চালায়।
হামলার শিকার আওয়ামী লীগ নেতা  নুরুল হোসেন মোল্লা জানান,কাজলী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনার রশিদকে দাওয়াত না দেয়ায় তার সমর্থকরা রামদা,লাঠি-সোঠা নিয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালায়। এসময় তারা চেয়ার,টেবিল ও পুরস্কার সামগ্রী ভেঙে ফেলে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের সামনেই তারা এ হামলা চালায়। এ সময় কোমলমতি ছাত্র-ছাত্রীরা আতঙ্কে স্কুল ক্যাম্পাস ত্যাগ করে ও ক্রীড়ানুষ্ঠান বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে কাজলী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোল্লা বদরুজ্জামান বলেন,আমার শিক্ষকতা জীবনে এমন নজীরবিহীন ঘটনা দেখিনি। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান বলেন,ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি পুলিশ সদস্যদের নিয়ে কাজলী কলেজিয়েট স্কুলে ছুটে যাই। আমরা বিভিন্নভাবে স্কুল কর্তৃপক্ষের কাছে জানার চেষ্টা করেছি। তবে এ ব্যাপারে কেউ মুখ খোলেনি বা কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান বলেন,আমার সামনেই ঘটনাটি ঘটেছে। আমার কাছে এটি একটি নজিরবিহীন বর্বরোচিত মনে হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]