মুক্তিযোদ্ধাদের সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স, মার্কিং সিল, ব্রাশ সিলসহ অন্যান্য দ্রব্যাদি সরবরাহ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সহকারি সচিব রৌশন আরা বেগম সাক্ষরিত এ চিঠিতে এ কথা বলা হয়।  
আগামীকাল (বুধবার) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচন হবে।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, চিঠিতে  উল্লেখ করা হয়েছে, গত ২২ মে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্বচ্ছ ব্যালট বাক্স, মার্কিং সিল, ব্রাশ সিলসহ অন্যান্য   দ্রব্যাদি চেয়ে নির্বাচন কমিশনে  চিঠি দেয় । আর এ পরিপেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চিঠিতে আরও বলা হয়, নির্বাচনি  উপকরণ  রিটার্নিং কর্মকর্তা বুঝে নেবেন, ভোট শেষের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে ফেরত দিতে হবে। আর নির্বাচনী কোন উপকরণের ক্ষতি হলে মুক্তিযোদ্ধা সংসদকেই তার ক্ষতি পূরণ দিতে হবে।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সংসদকে স্বচ্ছ ব্যালট বাক্সসহ বিভিন্ন উপকরণ  সরবরাহ করতে সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। তাই শেষ মুহূর্তে ইসির আপত্তি থাকা সত্ত্বেও নির্বাচনে ব্যবহৃত সব সামগ্রীই দিতে সম্মতি হয়েছে নির্বাচন কমিশন। তবে এ বিষয়টি ভালো চোখে দেখছেন না ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ নির্বাচনে ইসির মালামাল ব্যবহারের অনুমতি না দেয়া হলেও জেলা প্রশাসক (ডিসি) ও অতিরিক্ত জেলা প্রশাসকরা জোর করে হলেও তা ব্যবহার করতো এ জন্য আগে থেকেই ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজের সাথে কথা বলতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, বিগত ২০১৩ সালের ২১ অক্টোবর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন দেন। গত ১৯ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
[b]ঢাকা, এএম, ৩ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]