নোয়াখালীর হাতিয়ায় গণপিটুনিতে দুই জলদস্যু নিহত হয়েছে।
বুধবার দিবাগত ভোররাতে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের হিলটন রোড এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
নিহত ডাকাতরা হলেন,নিঝুমদ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের ডুবাই খাল এলাকার ওসমান আলীর ছেলে মাহমুদুল হক মাদু ওরফে মাদু ডাকাত ও সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইলচরা গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে হক সাব।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী ঘটনা স্বীকার করে শীর্ষ নিউজকে বলেন,নিহত হক সাব ও মাদুসহ একদল ডাকাত ভোরে সোনাদিয়া ইউপির হিলটন রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময় দু’জনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মৃতদেহ এবং ঘটনাস্থল থেকে দু’টি ধারালো অস্ত্র উদ্ধার করে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত ডাকাত হক সাবের বিরুদ্ধে হাতিয়া থানায় ২টি এবং মাদু ডাকাতের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলেও ওসি জানান।