উপজেলা নির্বাচনে সরকারী দলের অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে ৩ জেলায় হরতাল চলছে। বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট এ হরতালের ডাক দেয়। এর মধ্যে নাটোর সদরে পূর্ণ দিবস এবং কক্সবাজার ও কুষ্টিয়ার কুমারখালী-খোকসায় চলছে অর্ধদিবস।
[b]নাটোর[/b]
নাটোরে রোববার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। হরতালের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ। তবে চলমান এসএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রয়েছে।
[b]কক্সবাজার[/b]
কক্সবাজারে বৃহস্পতিবার দুপুরে ভোট বর্জন এবং একই সাথে রোববার হরতাল ঘোষনা দেয়া হয়। এই হরতালে সমর্থন দিয়েছে জোটের শরীক জামায়াতে ইসলামীও।
হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার যানচলাচল বন্ধ রয়েছে। শহরের দোকানপাট এখনো বন্ধ। সকালে জেলা সদরে বিএনপি মিছিল করেছে।
হরতাল পালনের আহ্বান জানিয়ে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী চকরিয়া ও পেকুয়া উপজেলায় ভোট ডাকাতি এবং সহিংসতার কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান চৌধুরী  খোকন মিয়া আওয়ামী লীগের ‘ভোট ডাকাতি’র নমুনা তুলে ধরেন।
[b]কুষ্টিয়া[/b]
কুষ্টিয়ায় দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় ভোট কারচুপির অভিযোগে ১৯ দলীয় জোটের ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। ২৭ ফেব্রুয়ারী নির্বাচনের পরদিন ২৮ ফেব্রুয়ারী ১৯ দলীয় জোটের পক্ষ থেকে এই হরতাল আহ্বান করা হয়। রোববার সকাল ৬ টা থেকে ১২টা পর্যন্ত চলবে হরতাল।
হরতালকে সামনেরেখে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দু-একটি বাদে হরতাল চলাকালে ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের কোন ধরনের সভা-সমাবেশ, মিটিং-মিছিল অথবা পিকেটিং করতে দেখা যায়নি।
[b]ঢাকা, ২ মার্চ(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]