[b]বগুড়া: [/b]জেলার ধুনট উপজেলা শহরে অসীম কুমার (২৫) নামের এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকাল ৮টার দিকে বাড়ির পাশে জমি থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত অসীম ধুনট উপজেলা শহরের দাসপাড়া এলাকার সিলভারের হাড়ি-পাতিল ব্যবসায়ী অনীল কুমারের ছেলে।
ধুনট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন ও নিহতের ভাই কানন কুমার কুপিয়ে হত্যার বিষয়টা নিশ্চিত করে জানান,২৬ জানুয়ারি টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার গোপিনাশী গ্রামের নারায়ণ চন্দ্রের মেয়ে পলাশী রানীর সঙ্গে অসীমের বিয়ের দিন তারিখ ধার্য ছিল। বিয়ে উপলক্ষে সে পাওনা টাকা আদায়সহ কিছু টাকার সংগ্রহ করার চেষ্টা করছিল। শনিবার দিনগত রাত ৮ টার পর বাড়ি থেকে বের হলে সে আর ফিরে আসেনি। অবশেষে রোববার সকাল ৮টার দিকে বাড়ির পাশে একটি ভূট্টার ক্ষেত (জমি) থেকে অসীমের লাশ উদ্ধার করা হয়।
তাদের ধারণা,অসীমের কাছে হয়তো কিছু টাকা পয়সা ছিল। দুর্বৃত্তরা তাকে টাকার জন্য খুন করেছে।