পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক আজিজুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোটি কোটি টাকা দুর্নীতির পৃথক দুটি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
দুদক সূত্রে জানা যায়, ৭ এপ্রিল কমিশনের নিয়মিত বৈঠকে এ দুটি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশও কমিশন থেকে দেওয়া হয়েছে।
দুদক সূত্র আরো জানায়, ড্রেজার মেশিন ক্রয়ে দরপত্রের শর্ত লঙ্ঘন করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কম দামে নিম্নমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ সরবরাহের সুযোগ করে দেওয়ার বিনিময়ে ৫০ কোটি টাকা কমিশন ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দুদকের উপ-পরিচালক মো. আনোয়ারুল হককে এ অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কমিশন।
সূত্র আরও জানায়, পাউবোর মহাপরিচালকসহ অন্যদের বিরুদ্ধে গড়াই নদী খননে ঠিকাদারকে বিশেষ সুবিধা দেওয়া এবং নিম্নমানের ড্রেজার ক্রয় করাসহ অনিয়ম ও দুর্নীতির পৃথক আরেকটি অভিযোগ রয়েছে।
ইতোমধ্যেই দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালককে এ অভিযোগ অনুসন্ধানে তার অধীনস্থ একজন কর্মকর্তা নিয়োগ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]