[b]বেনাপোল: [/b]২ বছর ভারতে সাজাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৬ তরুণীসহ ১ বাংলাদেশি কিশোর।
ভারতের পেট্রাপোল বিএসএফ শুক্রবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে। সাজার মেয়াদ শেষ হলে ভারত সরকারের দেয়া বিশেষ “রিপ্রেজেন্টিভ” এর মাধ্যমে এদের দেশে ফেরত আনা হয়।
দেশে ফেরত আসা ৭ জন হলো,গোপালগঞ্জ জেলার দিলিপ মন্ডলের পুত্র অনুপ মন্ডল (১৪),কন্যা বনানী মন্ডল (১২),যশোর জেলার কেশবপুর থানার বাশবাড়ী গ্রামের গনেশ চন্দ্রের কন্যা পিংকি দাস (১৩),ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার আবাসন প্রকল্পের মৃত বাবুল আক্তারের কন্যা শারমিন আক্তার (১৮),মাদারীপুর জেলার শিবচর উপজেলার নলঘর গ্রামের মন্টু সূত্রধরের কন্যা রিংকু (১৮),গোপালগঞ্জ জেলার বিজয়পাশা গ্রামের আকমান ভূইয়ার কন্যা রিক্তা (২৫) ও যশোর সদরের বেজপাড়ার শের আলীর কন্যা আকলিমা খাতুন (১৮)।
বেনাপোল চেকপোষ্ট ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহ জানান,দেশে ফেরত আসা এই বাংলাদেশি কিশোর-কিশোরী ২ বছর আগে সীমান্তের অবৈধ পথে ভারতে যায়। ভারতের কলকাতা এলাকায় বাসাবাড়িতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে কোলকাতার নরেন্দ্রপুরের সংলাপ নামের একটি সরকারি শেল্টার হোমে তাদের ঠাঁই হয়।
ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেয়া বিশেষ “রিপ্রেজেন্টিভ” এর মাধ্যমে এদের দেশে ফেরত আনা হয়েছে।
দেশে ফেরত আসা ৭ কিশোর-কিশোরীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা। সেখানে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ 'মহিলা আইনজীবী সমিতি যশোর' তাদের গ্রহণ করে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠাবে বলে জানা গেছে





