[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর এলাকার ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ।
রোববার দুপুর ১টা ১৬ মিনিটে মিরপুর বিভাগের ডিএমপির বেতার যন্ত্রের মাধ্যমে এই নির্দেশনা দেন তিনি।
এসময় তিনি বলেন, ভোটার তালিকায় নাম থাক বা না থাক আইডি কার্ড দেখালেই যে কোন ভোটারের ভোট গ্রহণ করতে হবে।
বিশেষ নির্দেশনায় ওসি বলেন, মিরপুর এলাকায় পুলিশের যে সকল অফিসাররা দায়িত্বপালন করছেন তারা ভোট কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারদের বলবেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
যে সকল ভোটার আইডি কার্ড দেখাতে পারবে তালিকাতে তাদের নাম থাক বা না থাক তারা ভোট দিতে পারবেন। মিরপুর বিভাগের কন্ট্রোল থেকে এই নিদের্শনা সবাইকে দেওয়া হয়।
এদিকে নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করে জানা যায়, এই ধরনের কোন নির্দেশনা দেওয়া হয়নি। কমিশন জানান, এটি ওই পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত নিদের্শনা।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মিরপুরের ভোট কেন্দ্রগুলোর প্রায় ৮০ ভাগ ভোটার তালিকার নামের সাথে গড়মিল থাকায় ভোট দিতে পারছেন না। ভোটারদের সুবিধার্থে পুলিশের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সাথে কথা বলে এই নির্দেশনা নেওয়া হয়।