[b]নীলফামারী: [/b]জেলা ছাত্রদল নেতা আতিকুল ইসলাম আতিক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জেলার সৈয়দপুর বাইপাস মহাসড়কের ধলাগাছ মোড়ের উত্তরে নাড়িয়া খাম্বা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি সদর থানার তুপামারী ইউনিয়ন ছাত্রদল যুগ্ম সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার মামলা হয়েছে। ওই মামলায় আতিককে ৩ নম্বর আসামি করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ আহমেদ জানান, উদ্ধারকৃত লাশের মাথায় বাম পাশে কানের নীচে আঘাতের চিহ্ন আছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির সোমবার এক বিবৃতিতে দাবি করেন আতিকুল ইসলাম আতিককে ক্রসয়ায়ারে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে।
পরিবারের অভিযোগ, কিছুদিন পূর্বে টাঙ্গাইলে এক আত্মীয়ের বাসা থেকে র্যা ব-পুলিশ তাকে আটক করে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এর আগে শনিবার নীলফামারী-ডোমার সড়ক থেকে অপর আসামি ও স্থানীয় বিএনপি নেতা গোলাম রব্বানির লাশ উদ্ধার করা হয়েছিল।
১৪ ডিসেম্বর আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা এবং আওয়ামী লীগের চার নেতাকর্মী হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জন নামসহ অজ্ঞাত আরো দেড় সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ।