মালয়েশিয়ার উন্নয়নের রুপকার সাবেক প্রধানমন্ত্রী ড.মাহাথির মোহাম্মদ বলেছেন, বাংলাদেশে উন্নয়নের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে।
শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি ‍অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’র (ইউআইটিএস) দ্বিতীয় সমাবর্তন শেষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।
মাহাথির মোহাম্মদ বলেন,একটি দেশের উন্নয়নের জন্য পূর্বশর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতার উপর বিদেশি বিনিয়োগ নির্ভর করে। বিদেশি বিনিয়াগ বাড়লে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দেশের উন্নয়ন হবে। এজন্য রাজনৈতিক দলগুলোরই দায়িত্ব স্থিতিশীলতা বজায় রেখে বিদেশি বিনিয়োগবানন্ধব পরিবেশ তৈরি করে দেওয়া।
প্রধান বিরোধী দল বিএনপির ১০ম জাতীয় নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন,নির্বাচন ও ফলাফল বর্জন কোনো সমাধান নয়। এ ধরনের সিদ্ধান্ত দেশ ও জাতির জন্যও কল্যাণকর নয়। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রত্যেক রাজনৈতিক দলকে নিজস্ব অবস্থান থেকে অবদান রাখা প্রয়োজন। সেক্ষেত্রে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে ধ্বংসাত্মক কর্মসূচি এড়িয়ে চলা উচিত।
ড. মাহাথির দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ারও পরামর্শ দেন ।
এর আগে সমাবর্তন ভাষণে ড. মাহাথির বলেন,তথ্য-প্রযুক্তি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের নেতৃত্ব আবারও মুসলিম উম্মাহকেই নিতে হবে।
সাবেক মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন,আমাদের ত্যাগের মানসিকতা ও তথ্য-প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে সগর্বে এগিয়ে যেতে হবে।
[b]ঢাকা, একে, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]