[b]টাঙ্গাইল:[/b] জেলার মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম হত্যা মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজিরা দিতে গেলে বিচারক গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়াসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্য নেতাকর্মীরা হলেন,গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম,যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলম,বিএনপি কর্মী আব্দুল মিয়া,হাসু মিয়া,চপল,আলমগীর হোসেন ও আফাজ মিয়া।
একই মামলায় স্থানীয় সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে জামিন দেওয়া হয়েছে।
উল্লেখ্য,গত বছরের ২৮ অক্টোবর হরতাল চলাকালে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় আবুল কালাম আজাদ সিদ্দিকীর সমর্থক হিসেবে পরিচিত গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়ার সমর্থকদের সঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য ফিরুজ হায়দার খানের সমর্থকদের সংঘর্ষে উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম নিহত হন।
পরে এ ঘটনায় নিহতের ভাই মজিবর রহমান বাদী হয়ে মির্জাপুর থানায় সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ ১৫ জনের নাম উল্লেখ করে ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।