গৌরনদী উপজেলায়  সোমবার গভীর রাতে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গৌরনদী উপজেলার মামলা ছাড়া বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযানের ঘটনার পর নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত  হওয়ার আশংকা করছেন বিএনপি দলীয় প্রার্থীরা। ভোটের উপযোগী পরিবেশ না থাকলে তারা যেকোন সময় নির্বাচন বর্জন করবেন বলেও ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন খান জানান, নির্বাচনের একদিন পূর্বে সোমবার গভীর রাতে গেরাকুল, কাছেমাবাদসহ বিভিন্ন এলাকার তাদের দলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। তিনি আরো জানান, প্রতিপক্ষ আ’লীগের প্রার্থী তার নিশ্চিত পরাজয় জেনে প্রথমে তার পেটোয়া বাহিনী লেলিয়ে দশটি নির্বাচনী অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ নেতাকর্মীদের মারধর করে। এখন পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে হয়রানি শুরু করেছে। এ অবস্থা চলতে থাকলে তিনি যেকোন সময় নির্বাচন বর্জনের ঘোষণা করবেন।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার জানান, তাদের দলের প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুর, মামলা ছাড়াই তাদের কর্মীদের গ্রেফতার ও বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেয়ায় ক্রমেই নির্বাচনী পরিবেশ বিঘ্নিত  হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে পুরো জেলায় তারা নির্বাচন বর্জন করবেন।
[b]বরিশাল,১৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]