রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনের ৩ প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। রোববার রাতে নির্বাচন কমিশনের এক আদেশে তাদের প্রত্যহার করে নেয়া হয়। পবা উপজেলা নির্বাচন সহকারি রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পবার বায়া বারইপাড়া তিলোত্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোসলেম উদ্দীন, পারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং দলিলুর রহমান ও তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল মজিদকে প্রত্যহার সংক্রান্ত এক আদেশ রোববার রাতে এসে পৌঁছায়। এরপর পরই ওই ৩ জনকে প্রত্যহার করে নতুন তিনজনকে দায়িত্ব দেয়া হয়।
তবে কি কারণে তাদের প্রত্যহার করা হয়েছে তা জানতে পারেনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। নির্বাচন কমিশনের আদেশেই তাদের প্রত্যহার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের অভিযোগ, নির্বাচনকে প্রভাবিত করতে ৫টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আগাম কোন নোটিশ ছাড়াই ভোটের আগের রাতে কর্মকর্তাদের প্রত্যাহার দুরভিসন্ধিমুলক বলেও উল্লেখ করেন তারা।
[b]রাজশাহী, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ [/b]