বাংলাদেশের দশম জাতীয় সংসদ জঙ্গিমুক্ত এবং এ সংসদের বর্তমান সদস্যরা জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত রাজনীতি উপহার দেয়ার জন্য কাজ করছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার দুপুরে জাসদ কার্যালয়ে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ আয়োজিত ‘সংসদ সদস্যদের কাছে শ্রমিক-কর্মচারিদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তবে, তথ্যমন্ত্রীর এ বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন দেশের বিশিষ্টজনরা। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, সরকারের যারা বার বার ব্যবহারের মাধ্যমে জঙ্গি শব্দটিকে জনপ্রিয় করার চেষ্টা করছেন তারা একটি ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্যই এমনটা বলছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আকমল হোসেন বলেন, তথ্যমন্ত্রী যে জামায়াতকে ইঙ্গিত করে জঙ্গিবাদের কথা বলেছেন তারা সংবিধান অনুযায়ী এখনো রাজনীতি করার অধিকার রাখে। তাই তার এ ধরনের বক্তব্য রাজনৈতিক ছাড়া অন্য কিছু নয়। আর বাংলাদেশে আফগানিস্তান বা পাকিস্তানের মতো জঙ্গিবাদ নাই। আবার জেএমবির মতো যারা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছিল তাদের কঠোরভাবে দমন করা হয়েছে। আর ইসলামিক দলগুলোকেও জঙ্গি বলা সমীচীন নয়, কেননা তারা সাংবিধানিকভাবে প্রকাশ্য রাজনীতি করছে। তাই এমন বক্তব্য যৌক্তিক নয় এবং দেশের জন্যও মঙ্গল বয়ে আনবে না।
রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক বা দার্শনিকভাবে জঙ্গিবাদের কোনো সংজ্ঞা দেয়া যায়নি বরং এটা প্রতিপক্ষকে গালি দেয়া ছাড়া অন্য কিছু নয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সরকারও আমাদের সন্ত্রাসী ও জঙ্গি বলেছে। যারা মুক্তিযুদ্ধের বিরোধী, যারা মানবতা বিরোধী, তারা অন্যদের জঙ্গি বলে, সন্ত্রাসী বলে। আর আন্তর্জাতিকভাবে এটা প্রতিষ্ঠিত যে, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যারা প্রতিষ্ঠিত আছেন তারা এখন সন্ত্রাসীতে পরিণত হয়েছেন। যে সরকার ক্ষমতা দিয়ে, প্রশাসন দিয়ে মানুষ হত্যা করে, গ্রাম জ্বালিয়ে দেয়, তখন সেই সরকারের মন্ত্রীরা যখন অন্যদের সন্ত্রাসী বলে তখন সেটা হাস্যকর মন্তব্য ছাড়া আর কিছু নয়।
তিনি আরও বলেন, বিরোধী মতকে ক্রমাগত অপপ্রচারের মাধ্যমে জঙ্গি বানানোর চেষ্টা হচ্ছে। বিরোধী পক্ষের সহিংস কর্মকাণ্ডকে আন্তর্জাতিক মহল পছন্দ করেন না এটা ঠিক কিন্তু রাষ্ট্র যখন সন্ত্রাস চালায় তখন তার বিরুদ্ধে সন্ত্রাস হবে, গণতন্ত্রের বিপরীতে গণতান্ত্রিক কার্যক্রম হবে, এটাও তারা মেনে নিয়েছে। তাই রাষ্ট্রকেই প্রথমে গণতান্ত্রিক হবে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম)//ইএইচ[/b]
মতামত
'জঙ্গি শব্দটি জনপ্রিয় করার চেষ্টা চলছে'
তথ্যমন্ত্রী যে জামায়াতকে ইঙ্গিত করে জঙ্গিবাদের কথা বলেছেন তারা সংবিধান অনুযায়ী এখনো রাজনীতি করার অধিকার রাখে। তাই তার এ ধরনের বক্তব্য রাজনৈতিক ছাড়া অন্য কিছু নয়। আর বাংলাদেশে আফগানিস্তান বা পাকিস্তানের মতো জঙ্গিবাদ নাই।





