তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই বৈষম্যহীন একটি মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে আসছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের গাজীরবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় ব্যবসায়ীকে নিজস্ব তহবিল থেকে সহযোগিতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি আরও বলেন, জামায়াতে ইসলামী চার দফার ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে অন্যতম একটি দফা হলো সমাজ সংস্কার ও সমাজসেবা। সমাজ সংস্কার শব্দটি অনেক দলের কাছে নতুন হলেও জামায়াতে ইসলামী সমাজ সংস্কারের লক্ষ্যেই প্রতিষ্ঠিত। কারণ, বিদ্যমান সমাজব্যবস্থায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কার হলে দলীয়করণ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। এ কারণেই সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় না। কারণ দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়ে গেলে তাদের রাজনীতিও বন্ধ হয়ে যাবে।
ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, আর আল্লাহই উত্তম সাহায্যকারী। আপনারা ধৈর্য ধরুন। আমি আপনাদের ভাই হিসেবে সবসময় পাশে থাকব।
এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যানুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে সরকারি সহায়তার ব্যবস্থা করার জন্যও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি দুঃখপ্রকাশ করে বলেন, সমাজে যদি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হতো, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্র নিত। তাই সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকল ইউনিয়ন ও পৌরসভাসহ প্রত্যেক ওয়ার্ডে ইসলামের পক্ষের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার (২ অক্টোবর) অগ্নিকাণ্ডে গাজীরবাজারের পাঁচটি দোকান পুড়ে যায়। এতে ছয়জন ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। অগ্নিকাণ্ডের পরপরই ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি মুঠোফোনে তাঁদের খোঁজখবর নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।
মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করায় স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএইচ











