করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে।

নির্মল রঞ্জন গুহ বলেন, কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিল। তিনদিন আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। গতকাল রাতে রিপোর্ট এসেছে আমার করোনা পজিটিভ। তিনি বলেন, আমি বাসায় আইসোলেশনে আছি, ভালোই আছি। এখন অন্য কোনো উপসর্গ নেই। আমার জন্য দোয়া করবেন।

শুক্রবার (১৯ জুন) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিমও এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৩৮৮ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জনে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

এমবি