পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কূটনীতিকদের সঙ্গে নিয়ে গুলশানের হোটেল ওয়েস্টিনে ইফতার করলেন তিনি।

সোমবার ( ২৯ মে ) গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করেছেন বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি বলেন, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও দলীয় নেতাদের সম্মানে আরো চারদিন ইফতার পার্টির আয়োজন করছেন বিএনপি চেয়ারপারসন। সে অনুযায়ী আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৩ জুন বিএনপি নেতাদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। ৪ জুন পেশাজীবী, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সম্মানে ও ৫ জুন রাজনীতিবিদদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন।

এছাড়া আগামী ৬ জুন লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১০ জুন মতিঝিলের পূর্বাণী হোটেলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ১২ জুন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ১৩ জুন গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে লেবার পার্টি ও ১৪ জুন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারে মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টির আয়োজন করা হবে। এসব পার্টিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বেগম খালেদা জিয়া।

এমই