সাংবাদিকদের গুরুত্বের কারনে মানুষ ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জানতে পারছে। না হলে এই সরকার গুজব বলে উড়িয়ে দিত। আসলে মন্ত্রী ও মেয়রদের কোনও লজ্জা-শরম নেই। যেটাকে এক কথায় বলা যায় বেহায়া বলে বন্তব্য করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রক্তদান কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আমার এমন একটা রাষ্ট্রে বসবাস করছি, যেখানে জীবনের কোনও নিরাপত্তা নেই। কিন্তু সরকার নিজেদের সুরক্ষার জন্য ব্যাপক দুর্নীতি করছে। সেই দুর্নীতির টাকা দিয়ে দেশের বাইরে বাড়িঘর করছে। সেখানে থাকার ব্যবস্থা করছে। এটাই হলো বাস্তবতা।
বিএনপির মহাসচিব বলেন, এই সরকার মানুষের স্বার্থবিরোধী সরকার। তারা মানুষের ন্যূনতম অধিকারকে লুণ্ঠন করে ক্ষমতায় থাকতে চায়।
রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ।
এসএম





