পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণের দোহাই দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে সরকার কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট স্থানে কুরবানীর পশু জবাই করার জন্য যে আদেশ জারী করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করার আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বুধবার এক বিবৃতিতে এ আহবান জানান। তিনি বলেন,সরকারের জারী করা এ আদেশ ধর্মপ্রাণ মুসলমানদের ভোগান্তি ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে।

জামায়াত নেতা বলেন, রাজধানী ঢাকাসহ দেশের সকল শহরে ধর্মপ্রাণ মুসলমানগণ উৎসাহ-উদ্দীপনার সাথে প্রতি বছরই কুরবানী করে থাকেন। দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন। প্রতি বছর সিটি করপোরেশন ও পৌরসভা জনগণের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটি দায়িত্বের সাথেই করে আসছে।

এ বছর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণের দোহাই দিয়ে সরকার কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট স্থানে পশু কুরবানী করার যে আদেশ জারী করা হয়েছে তা মুসলমানদের জন্য দুর্ভোগ ও বিড়ম্ভনা সৃষ্টি করবে। ফলে মুসলমানদের ঈদুল আজহার আনন্দ ম্লান হয়ে যাবে।

ডা. শফিকুর রহমান বলেন, শহরের মুসলিম জনগণ মাওলানা, মৌলভীগণের সাহায্যে পশু কুরবানী করে থাকেন এবং কসাই দিয়ে চামড়া ছাড়ানো ও গোশত কাটার কাজটি করিয়ে থাকেন এবং গ্রামাঞ্চলে সমাজের লোকেরাই কুরবানীর যাবতীয় কাজ সম্পন্ন করে থাকেন। যুগ যুগ ধরে মুসলমানগণ এভাবেই পশু কুরবানী করে আসছেন। মুসলমানদের এ ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বর্তমান সরকার উঠেপড়ে লেগেছে।

হঠাৎ করে সরকার কর্তৃক পরিবেশ দূশণের দোহাই দিয়ে নতুন আইন জারী করা জনগণের নিকট বোধগম্য নয়। অধিকাংশ লোক জানেই না কোথায় কিভাবে পশু কুরবানী করতে হবে। সরকার কর্তৃক নির্দিষ্ট স্থানে লোকেরা কিভাবে মাওলানা, মৌলভী ও কসাই নিয়ে যাবেন?

জামায়াতের এই নেতা বলেন, সরকার কর্তৃক নির্দিষ্ট জায়গায় কুরবানীর পশু জবাই করা, চামড়া ছাড়ানো ও গোশত কাটার জায়গারইবা সংকুলান হবে কিভাবে? এ আদেশ জারি করে সরকার কুরবানী দেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। সরকারের জারি করা এ আদেশ প্রকারান্তরে মুসলামনদেরকে পশু কুরবানী করার ব্যাপারে নিরুৎসাহিত করবে। অথচ ইসলামের হুকুম হলো নেসাব পরিমাণ সম্পদের মালিক হলেই তাদের ওপর পশু কুরবানী করা ওয়াজিব।

তাই ইসলামী বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জনগণের সুবিধার্থে সরকার কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট স্থানে কুরবানীর পশু জবাই করার এ গণবিরোধী আদেশ অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এআর