জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করায় দলীয় এমপি সেলিম উদ্দিনকে শোকজ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ রোববার এরশাদ স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি (সেলিমউদ্দিন) আমার উপদেষ্টা হওয়া সত্বেও আমাকে অথবা দলের মহাসচিবসহ শীর্ষ নেতাদের অবহিত না করে দলের একজন প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধে মামলা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
এত প্রতিয়মান হয়, আমার বা আমার দলের প্রতি আপনার কোনো আস্থা নেই। ফলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪ জুনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে একতরফাভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে সেলিমউদ্দিনের মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, সিলেট-৫ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি নেতা সেলিম উদ্দিন গত ২৫ মে সিলেটের জকিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
দলীয় নেতারা জানান, এই দুই নেতার দ্বন্দ্ব এতদিন দলের ভেতরেই সীমাবদ্ধ ছিল। মামলা দায়েরের পর সেটি প্রকাশ্যে চলে এসেছে। এতে সিলেটের নেতারাও বিব্রত। পুলিশ মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।
মামলার এজাহারে সেলিম উদ্দিন উল্লেখ করেছেন, তাজ রহমান বিভিন্ন সময়ে ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকা ও ফেসবুকে মিথ্যা, অশালীন, মানহানিকর তথ্য প্রচার করে সংসদ সদস্যের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
এ বিষয়ে এটিইউ তাজ রহমান জানান, আমি কখনও সেলিম উদ্দিন এমপির বিরুদ্ধে ফেসবুক বা কোনো জায়গায় বিরূপ মন্তব্য করিনি। সেলিম সাহেব শুধু আমার বিরুদ্ধে মামলাই করেননি, বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, যার প্রমাণ আমার কাছে আছে।
তিনি বলেন, আমরা চাই সবাই মিলে পল্লীবন্ধু এরশাদের হাতকে আরো শক্তিশালি করতে। কিন্তু অনেকে সংগঠনতো করেনই না বরং বাধা সৃষ্টি করে দলের ভেতর বিভ্রান্তি সৃষ্টি করেন যা দুঃখজনক।
এমবি





