কিশোরগঞ্জে ২০ দলীয় জোটের জনসভা শুরু হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টায় জেলার সর্ববৃহৎ বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই জনসভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. শরিফুল আলম। স্থানীয় নেতা-কর্মীরা জনসভায় বক্তব্য রাখছেন।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী ২০ দলীয় জোটের ধারাবাহিক জনসভার অংশ হিসেবে কিশোরগঞ্জে এ জনসভার আয়োজন করা হয়েছে। সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা থেকে জনসভার উদ্দেশে রওনা দেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির প্রধান।

জনসভায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আসতে শুরু করেছেন। জেলা সদরের প্রতিটি প্রবেশদ্বার দিয়ে হাজার হাজার নেতা-কর্মী জনসভাস্থলে প্রবেশ করছে।

এসএইচ