বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। অবিলম্বে তার এ বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় রাজপথে রাজনৈতিক ভাবে এর জবাব দেওয়া হবে।
খালেদা জিয়া ও তারেক রহমানকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, অন্ধ ছেলের মাও অন্ধ। তাদের মধ্যে শিক্ষার কোন আলো নেই। বাংলাদেশ থেকে ডেভিড ক্যামেরুনের কাছে বার্তা পাঠানো হোক যেন এই অসুস্থ উন্মাদ (তারেক) বালকটিকে পাগলা গারদে পাঠানো হয়, যদি সেখানে তার জায়গা না হয়, তাহলে তাকে যেন বাংলাদেশে পাঠানো হয়, পাবনার পাগলা গারোদে মা ও ছেলেকে চিকিৎসা করানো হবে।
সুরঞ্জিত বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে ইতিহাস বিকৃতির রাজনীতি। যা জিয়াউর রহমান শুরু করেছেন এবং তারই ধারাবাহিকতা রক্ষা করছেন খালেদা জিয়া ও তারেক রহমান। এই আত্মঘাতী রাজনীতির পরিণতি খুবই করুণ। পাকিস্তান ও আবগানিস্তানের করুণ পরিণতি এই আত্মঘাতী রাজনীতির কারণে। যার ফলে সেখানে তালেবানের মত একটি জঙ্গি সংগঠনের সৃষ্টি হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচান সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
এমআর, জেএ





